তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, নাইজারে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধী ৷ তিনি আরও বলেছেন, এ ধরনের হস্তক্ষেপ ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে ৷
হাঙ্গেরি সফরকালে রিবুটের সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোয়ান বলেন, পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইসিওডব্লিউএএস যে সামরিক পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে তা যথাযথ হবে না ৷
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তিনি যত দ্রুত সম্ভব সাংবিধানিক ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রশাসনের প্রত্যাবর্তনকে সমর্থন করেন ৷
গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্টের রক্ষী বাহিনী প্রেসিডেন্ট বাজুমকে আটক করে ৷ পরে তারা সরকার উৎখাতের ঘোষণা দেয় ৷
নাইজারের প্রেসিডেন্ট রক্ষী বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহমান নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করেন ৷
এরপর থেকেই পশ্চিম আফ্রিকান জোটটি সাবেক প্রেসিডেন্টের সমর্থনে সামরিক হস্তক্ষেপের কথা বলতে থাকে ৷ জোটের কমিশনার আবদেল-ফাতাউ বলেন, জোটের ১৫টি দেশের মধ্যে ১১টিই হস্তক্ষেপের জন্য সৈন্য দিতে প্রস্তুত ৷
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ অভ্যুত্থানের তীব্র নিন্দা করেছে ৷ আবার রাশিয়া অভ্যুত্থানের প্রতি সমর্থন দিয়েছে ৷