দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধবার (১৫ সেপ্টেম্বর) ৷ তফসিল ঘোষণার পরপর তফসিলকে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ৷
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয় এক রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত নেন ৷
বৈঠক সূত্রে এই তথ্য জানা যায় ৷ বৈঠকে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ৷
বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির ৪৮ ঘন্টা অবরোধে সারাদেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আরো বেশি সতর্ক অবস্থায় ও সতর্ক পাহারার সিদ্ধান্ত হয় ৷ একইসঙ্গে তফসিল ঘোষণা হলে তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্পটে এবং সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়নে আনন্দ মিছিলেরও সিদ্ধান্ত হয় ৷