খবরের চোখ
সব সময়

বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া মৌলিক অধিকার: হাইকোর্ট

0

- Advertisement -

প্রত্যেক ব্যক্তির বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সুবিধা পাওয়া তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এবং এ অধিকার তার বেঁচে থাকার অধিকারের অন্তর্ভুক্ত ৷ ১৯৯১ সালে এবং ২০০৯ সালে ভেজাল প্যারাসিটামল সেবনে মারা যাওয়া ১০৪ শিশু নিয়ে করা রিটের চূড়ান্ত রায়ে এ মৌলিক অধিকারের কথা উল্লেখ করেছেন হাইকোর্ট বিভাগ ৷

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২২ সালের ২ জুন এ রায় দেন ৷

বুধবার (১৫ নভেম্বর) এ রায়ের ৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ৷

রায়ের ভেজাল ঔষধ প্রতিরোধে একটি স্বাধীন জাতীয় ভেজাল ঔষধ প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ৷

একইসঙ্গে ভেজাল প্যারাসিটামল সেবনে মারা যাওয়া ১০৪ শিশুর প্রত্যেক পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ ওই ক্ষতিপূরণের টাকা সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি, ঔষধ কোম্পানি থেকে আদায় করতে পারবেন ৷

- Advertisement -

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্টের নির্দেশনা বলা হয়, প্রত্যেক ব্যক্তির বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সুবিধা পাওয়া তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এবং এ অধিকার তার বেঁচে থাকার অধিকারের অন্তর্ভুক্ত

ঔষধে ভেজাল মিশ্রণ বন্ধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া এবং বিশেষ ক্ষমতা আইনের ২৫(সি) মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিবাদীদের নির্দেশ দেওয়া হয় ৷

১৯৯১ সালে ৭৬ জন এবং ২০০৯ সালে ২৮ জন শিশুর মৃত্যু ঔষধ প্রশাসন কর্তৃপক্ষের কঠিন দায় রয়েছে বলে রায়ে উল্লেখ করা হয় ৷

এছাড়া হাইকোর্ট বিভাগ দুটি পরামর্শ দেন ৷ সেগুলো ২০১৭ সালের ২৩ মার্চ বাংলাদেশ গেজেটে অতিরিক্ত প্রকাশিত জাতীয় ঔষধ নীতি -২০১৬ দ্রুত বাস্তবায়ন করা এবং যুক্তরাজ্যের আদলে আমাদের দেশের জনগণের চিকিৎসা সেবা অবকাঠামো তৈরি করা ৷

এছাড়াও এ রায়ের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.