নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামছে বিজিবি
সশস্ত্র বাহিনীকে ভোটের দায়িত্ব দিলে আরও বেশি দিনের জন্য মোতায়েন করা হতে পারে
তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷ এ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)৷ এরমধ্যে নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ হাজার সদস্য ৷ নির্বাচনের পরের দুদিন পর্যন্ত মাঠে থাকবেন তারা ৷
গতকাল সোমবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
অশোক বলেন, বিজিবি সবার আগে মাঠে নামবে ৷ ভোটের পর দুদিন, ভোটের দিন এবং ভোটের আগে ১০ দিন, মোট ১৩ দিনের জন্য এ বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন ৷ তবে প্রয়োজন হলে আরও বেশিদিন তাদের রাখা হতে পারে ৷
তিনি আরও বলেন,পুলিশ মোতায়েন থাকবে ৫ দিন আনসার মোতায়েন থাকবে ভোটের আগে পরে মোট ৬ দিন ৷ অন্যান্য বাহিনীও একই সময়ের জন্য নিয়োজিত হতে পারে ৷ তবে সশস্ত্র বাহিনীকে ভোটের দায়িত্ব দিলে আরও বেশি দিনের জন্য মোতায়েন করা হতে পারে ৷ সশস্ত্র বাহিনী বলতে সেনা, বিমান ও নৌ- বাহিনীকে বোঝায় ৷
ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, দ্বাদশ নির্বাচনে ভোটের মাঠে নির্বাচনের সময়ে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ সদস্য ৷ এরমধ্যে ১ লাখ ৮২ হাজার ৯১ জন পুলিশ ও র্যাব সদস্য, আনসার বাহিনীর সদস্য থাকবেন ৫ লাখ ১৬ হাজার ৷ এছাড়া বিজিবির সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন ও কোস্টগার্ড সদস্য ২ হাজার ৩৫৫ জন ৷ ছবি সংগৃহীত