সরকার সালাহউদ্দীন সুমন:
পুরোনোর সঙ্গে শীত মৌসুমে যুক্ত হয় নতুন আলু। ক্রেতারাও শীতকালীন সবজির সঙ্গে স্বস্তিতে কেনেন পণ্যটি। তবে এবারের শীতে চিত্র একেবারে ভিন্ন। আলুর কেজি ঠেকেছে ৮০ টাকায়। এমন দামের পেছনে ব্যবসায়ীদের যুক্তি, হিমাগারে পুরোনো আলু নেই। আমদানিও বন্ধ। বৃষ্টিতে ক্ষতি হওয়ায় বাজারে নেই পর্যাপ্ত নতুন আলু। এ জন্যই ভরা মৌসুমেও বেড়েছে আলুর দাম। রাজধানীর একাধিক বাজার ঘুরে নতুন আলুর কোনো সংকট পাওয়া যায়নি। ব্যবসায়ীরা গত বছরের এ সময়ে চাষিদের কাছ থেকে যে পরিমাণ নতুন আলু পেয়েছেন, তার থেকে বেশি পাচ্ছেন বলে স্বীকার করছেন। তবে তাদের কেউ কেউ বলছেন, এ মুহূর্তে দাম কিছুটা বেশি হলে তা কৃষকের জন্য ভালো। কারণ নতুন আলু সরাসরি কৃষক থেকে পাইকারদের কাছে যাচ্ছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নেই। কৃষক ভালো দাম পেলে উৎপাদন বাড়বে। এদিকে এবার বীজ, সার ও কীটনাশকের বাড়তি দামের কারণে আগামী বছর আলুর দর আরও ভোগাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় সমাধান হিসেবে আবারও আইপির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছেন সরকারের সংশ্লিষ্টরা।