সিনিয়র রিপোর্টার:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নয়, সরকারই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে ৷
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ৷
রিজভী বলেন, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতংকে ভুগছেন ৷ জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন ৷
তিনি আরো বলেন, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের উন্নয়নে অংশীদারী দেশগুলোও তামাশার নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ৷
রিজভী বলেন, সহিংসতা ও বিরোধী নেতাকর্মীদের দমনের মধ্যে দিয়ে একতরফা নির্বাচন করলেও আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, এই নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুন্ন করা হয়েছে ৷
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, এখন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বসে দেশবাসীর সঙ্গে সস্তা রসিকতা করছেন ৷ উনি বিএনপির শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন, ফুরফুরে মেজাজী ঢংয়ে পেয়ারা হিন্দুস্থানের হিন্দি শোনাচ্ছেন, রবিন্দ্র সংগীত শোনাচ্ছেন ৷
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, খান রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ উপস্থিত ছিলেন ৷