বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি ৷
বুধবার (জানুয়ারি ১৭) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৷
দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে ৷
বৃহস্পতিবার (জানুয়ারি ১৮) বেলা ২টায় রমনাস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ৷
শুক্রবার (জানুয়ারি ১৯) সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা ৷
এছাড়াও দিবসটি উপলক্ষে পোস্টার এবং পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে ৷ দলের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবি সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে ৷