সাজেদুল ইসলাম লুলু(স্টাফ রিপোর্টার):
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার জন্য আমাদের ছেলে-মেয়েদের আরও উন্নত প্রশিক্ষণের দরকার ৷ আমরা দেশের ৮ বিভাগেই একটি করে ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তুলব ৷ যেখানে আমাদের ছেলে-মেয়েরা ছোটবেলা থেকেই খেলাধুলায় পারদর্শী হতে পারবে ৷
বুধবার (৭ ফেব্রুয়ারি) ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ৷
প্রধানমন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে শুধু ক্রিকেট ফুটবল না, সব ধরনের খেলাধুলার প্রতি বিশেষভাবে নজর দিতে হবে ৷ আন্ত:স্কুল, আন্ত:কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা গড়ে তোলার দরকার ৷ এতে করে আমাদের ছেলে-মেয়েদের যেমন শরীরচর্চা হবে তেমনি তাদের মন মানসিকতা আরও সুন্দরভাবে গড়ে উঠবে ৷
সরকার প্রধান বলেন, আজকে আমাদের ছেলে-মেয়েরা দেশের সীমানা পেরিয়ে বিদেশেও খেলাধুলায় ভালো অর্জন করছে ৷ যেটা স্বাধীনতার পরপরই শুরু হয়েছিল ৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় রাশিয়া ভারত এমনকি ভিয়েতনামে পর্যন্ত আমাদের যুব টিম পাঠিয়েছিলেন ৷ তিনি প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছিলেন ৷ কাজেই সেইভাবে আমাদের খেলাধুলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ৷