মারুফ শাহ (সিনিয়র রিপোর্টার):
যৌতুক আইনের একটি মামলা স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়ার ঘটনার ব্যাখ্যা দিতে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট বিভাগ ৷ আগামী ১০ মার্চ তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে ৷
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ৷
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির সাংবাদিকদের বলেন, যৌতুক আইনের ৩ ধারার একটি মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগ স্থগিত করেছিলেন ৷
মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে স্থগিত থাকার পরও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন গত বছরের ১৪ সেপ্টেম্বর আসামিকে হাজিরের নির্দেশ দেন ৷
এ আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আবেদন করে আসামি ৷ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনকে তলব করেন ৷