স্টাফ রিপোর্টার:
জাইকার ঋণ বাবদ ১৬৪ কোটি ৫২ লাখ টাকা তহবিল ফেরত যাওয়া তথা সরকারকে আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সদস্য আমিনুল হাসানসহ পদস্থ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৷
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা করেন ৷
এজাহারভুক্ত আসামিরা হলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের আমিনুল হাসান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিটিসিএলের সাবেক পরিচালক -১ মশিউর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন, বিটিসিএলের সাবেক ডিই-৫ মো. আতাউর রহমান, সাবেক পরিচালক মাকসুদুর রহমান আকন্দ, জিএম অশোক কুমার মন্ডল, সাবেক এমডি মাহফুজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) আজম আলী ৷
এজাহারে বলা হয়, বিবাদীগণ পরস্পর যোগসাজশে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন ৷ এর ফলে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (টিএনডি) প্রজেক্ট টেন্ডার প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার অসৎ উদ্দেশ্যে কাজ করছেন ৷ তারা প্রাক-যোগ্যতা মূল্যায়নের নির্ণায়ক পরিবর্তন, মূল দরপত্র আহবানের ২ মাস পর প্রাক্কলন নির্ধারণসহ ক্রয় আইন-বিধি ও জাইকার গাইডলাইন অনুসরণ না করে অহেতুক কালক্ষেপণ করেন ৷
ফলে ০.০১ শতাংশ সহজ শর্তের সুদে ১৬৪ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকা দাতা সংস্থা জাইকা আগ্রহ হারিয়ে গত ২০১৫ সালের ৭ মে ফেরত নিয়ে যায় ৷ দেশকে বিশাল একটি ঋণ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে ৷
তারা পরস্পর যোগসাজশে দেশের আর্থিক ক্ষতি সাধন করেছেন ৷ যা দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১, ৫১১, ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ ৷