বুলবুল আহম্মেদ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে আজ রোববার (১৭ মার্চ) টুঙ্গিপাড়া যাবেন তারা ৷ এদিকে এই সফর ঘিরে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি ৷ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷
বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ ৷ থাকবে নাচ-গান ও কবিতা আবৃত্তি ৷ যার অংশ হতে পেরে খুশি ক্ষুদে শিল্পীরা ৷
এরই মধ্যে শেষ হয়েছে পরিস্কার -পরিচ্ছন্নতা ও শোভা বর্ধনের কাজ ৷ জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ ৷ উৎসাহের কমতি নেই নেতাকর্মীদের মাঝেও ৷ রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ৷
এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরইমধ্যে নিরাপত্তাসহ সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন ৷
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে নিরাপত্তাময় ও উৎসবমুখর করার লক্ষে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতায় আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে ৷
জানা গেছে, শ্রদ্ধা জানিয়ে ঢাকা ফিরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ৷ তবে গোপালগঞ্জে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৷