সিনিয়র রিপোর্টার:
কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ ৷
রমনা থানার নাশকতার মামলায় বিএনপির দুই নেতার জামিন প্রশ্নে এক আদেশে এমন অভিমত দিয়েছেন আপিল বিভাগ ৷
গত ৬ মার্চ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চের ওই আদেশ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷
আপিল বিভাগের আগের দেওয়া কয়েকটি রায়ের রেফারেন্স দিয়ে আদেশে বলা হয়, এই সব রায়ের নীতি অনুসারে ব্যক্তি /ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য আগাম জামিনে থাকতে দেওয়া উচিত নয় ৷ পুলিশ রিপোর্ট পর্যন্ত বিবাদীদের আগাম জামিন দিয়ে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের রায়ের নীতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে ৷
কারণ মাঝেমধ্যে যথাযথ তদন্তের স্বার্থে কোনো মামলার প্রতিবেদন দিতে বেশি সময় নিতে পারে তদন্তকারী সংস্থা ৷ এই পরিস্থিতিতে, অভিযুক্ত পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত আগাম জামিনের সুবিধা উপভোগ করার অধিকারী নয় ৷
রাষ্ট্র বনাম মো. কবির বিশ্বাস, রাষ্ট্র বনাম অধ্যাপক ড. মোরশেদ হাসান খান এবং অন্যান্য, রাষ্ট্র বনাম আব্দুল ওয়াহেদ শাহ চৌধুরীর মামলার রায় এ আদেশে উদ্ধৃত করা হয় ৷