ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ৷ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৫ এপ্রিল এই অধিবেশন আহবান করেছেন ৷ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে ৷ বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটিই হবে প্রথম বৈঠক ৷ বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে ৷
আগামীকালের অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমন্ডলী মনোনয়ন দেবেন ৷ এরপর শোক প্রস্তাব উপস্থাপন করা হবে ৷
ঝিনাইদহ -১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী তার ওপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে ৷ শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতুবি করা হবে ৷ চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে তার সম্মানে অধিবেশন মুলতুবি করার রেওয়াজ রয়েছে ৷
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না ৷