আদালত প্রতিবেদকঃ
উচ্চ আদালতের নির্দেশনা না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে বারবার রিমান্ডে নেয়ার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট দুই বিচারক ও তদন্ত কর্মকর্তাকে আবারও ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ৷
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ৷
আগামী ২৪ অক্টোবরের মধ্যে ওই ব্যাখ্যা দিতে বলা হয়েছে ৷
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা নতুন অফিসার ৷ ট্রেনিংয়ের অভাবে তারা প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি জানিয়ে ক্ষমা চেয়েছেন ৷
পরে হাইকোর্ট তাদের আবারও ব্যাখ্যা দেয়ার সুযোগ দেন ৷ আগামী ২৪ অক্টোবর দুই বিচারক ও তদন্ত কর্মকর্তা সবাইকেই পুনরায় ব্যাখ্যা দিতে হবে ৷
আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও মুজিবুর রহমান ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান ৷
উল্লেখ্য মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে তিন দফায় সাতদিনের রিমান্ডে নেয়া হয় ৷ মাদকের মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেয়ায় দুই ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও আতিকুল ইসলামকে প্রশ্ন করেন হাইকোর্ট ৷
ওয়াহিদুজ্জামান/ঢাকা