খবরের চোখ প্রতিবেদক:
সাধারণত শবে মেরাজের দিন বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। সরকারি প্রতিষ্ঠানে এদিন ঐচ্ছিক ছুটি। এবার শবে মেরাজ পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে।
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে রজব মাস গণনা শুরু হবে আগামীকাল সোমবার। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারা দেশে শবে মেরাজ উদযাপিত হবে।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সাধারণত শবে মেরাজের দিন বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। সরকারি প্রতিষ্ঠানে এদিন ঐচ্ছিক ছুটি। এবার শবে মেরাজ পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে।
সভায় উপদেষ্টা জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এজন্য সোমবার রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৬ জানুয়ারি শবে মেরাজ পালিত হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির সদস্যরা।
‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (সা.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এবছর সেই রাতটি পড়েছে আগামী ১৬ জানুয়ারি।
শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। এদিন অনেকে নফল রোজাও রাখেন।