খবরের চোখ
সব সময়

একদিনে তিন দেশে শক্তিশালী ভূমিকম্প

0

আন্তর্জাতিক ডেস্ক

একদিনে তিন দেশে পৃথক পৃথক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প, জাপানে ৬ দশমিক ৯ মাত্রার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ৫ দশমিক ৬ একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে একইদিনে পৃথক পৃথক অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনার মধ্যে কোনো ধরনের যোগসূত্র নেই বলে জানিয়েছেন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্স।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্সের বরাতে জানিয়েছে, ভূমিকম্পগুলো পৃথক ফল্ট সিস্টেম এবং প্লেট সীমানায় সংঘটিত হয়েছে। এর অর্থ হলো একটির কারণে অন্যটি ঘটেনি। হাজার হাজার মাইল দূরে সংঘটিত বড় ভূমিকম্পগুলো সাধারণত অন্য কোথাও আরেকটি বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায় না।

জোন্স বলেন, ভূমিকম্প কয়েকটি দেশে হলেও সময়কাল কাকতালীয় মিলে গেছে। প্রতিটি ভূমিকম্প সক্রিয় প্লেট সীমানা বরাবর আঘাত হেনেছে। কয়েক দশক এমনকি শতাব্দী ধরে চাপ তৈরি হচ্ছিল এসব এলাকায়।

তিনি বলেন, অঞ্চলগুলোতে বড় ভূমিকম্প প্রাকৃতিক চক্রের একটি প্রত্যাশিত ঘটনা। যদিও ভূমিকম্প ঠিক কখন ঘটবে তা সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করা যায় না।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯৭১ জন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.