খবরের চোখ প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডিতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- মো. রিপন (৩৫), মো. সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম (৩০) ও টিপু আহমেদ ওরফে ডিশ টিপু (৫২)।
নিয়াজ মেহেদী জানান, গত ২৭ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে ধানমন্ডি ৭ নম্বর সড়কে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কার্যালয়ের উত্তর পাশের সড়কে এ ঘটনা ঘটে।
কলাবাগান এলাকার দুই বন্ধু জিম থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় চারজন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে ধারালো চাপাতি গলায় ঠেকিয়ে ভয়ভীতি সৃষ্টি করে।
এরপর ছিনতাইকারীরা তাদের কাছ থেকে একটি অ্যাপলের মোবাইল ফোন ও একটি স্যামসাংয়ের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে এক তরুণকে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়।
এতে তার বাঁ হাতের কবজিতে গুরুতর জখম হয়। পরে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে ৩ জুলাই ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে ৷