নিজস্ব প্রতিবেদক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, ফাজিল ও কামিল মাদরাসায় একটি করে ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করা যেতে পারে। এতে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে,উচ্চ স্বপ্ন দেখবে, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই সেল শিক্ষার্থীদের জানাবে যোগ্য আলেম হিসেবে গড়ে উঠার প্রেরণা,বিসিএস, সরকারি চাকরি,ইসলামিক ব্যাংকিং,গবেষণা,বিদেশে উচ্চ শিক্ষা,মধ্যপ্রাচ্যের পেশাগত সুযোগ ও উদ্যোক্তা হওয়ার পথ। মাদরাসা উচ্চ শিক্ষা কর্মমুখী ও গবেষণাভিত্তিক করার প্রচেষ্টা হিসেবে প্রতিটি মাদরাসায় ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার(৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহ জেলার তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত “মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ময়মনসিংহ বিভাগের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যরা অংশগ্রহণ করেন।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা যেমন জরুরি, তেমনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা, শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব শাহীনুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী,ময়মনসিংহ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.ইদ্রিস খান, জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ।