রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সশস্ত্র বাহিনী দিবস -২০২১ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ৷
রাষ্ট্রপ্রধান আজ সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ৷
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সকাল ৮টায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্নত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ৷
এসময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ৷
পরে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে ৷
এর আগে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে এসে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের স্টাফ অফিসার তাঁকে স্বাগত জানান ৷
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে ৷ দেশ স্বাধীন হওয়ার পর এই ঐতিহাসিক দিনটিকে প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় ৷