খবরের চোখ
সব সময়

শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে তথ্যপ্রযুক্তির নিবিড় সম্পর্ক রয়েছে: ভিসি ইআবি

ইআবি ও বিডিরেন এর মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

0

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু জাফর খান বলেছেন, বর্তমান বিশ্বে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে তথ্যপ্রযুক্তির নিবিড় সম্পর্ক রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইআবি ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN)-এর মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে এ কথা বলেন ৷

প্রধান অতিথির বক্তব্যে ভিসি আবু জাফর খান বলেন, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক দেশের একমাত্র জাতীয় শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক, যা দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে একটি উচ্চগতির ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের আওতায় যুক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ও সেই আধুনিক ও উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কের অংশীদার হলো।

তিনি বলেন, এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন ও নিরাপদ নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি VPS, Internet Bandwidth এবং Email Server Hosting- এর মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা পাবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন ।

ইআবি ভিসি আরও বলেন, এ চুক্তির মধ্য দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও BdREN-এর মধ্যে একটি কার্যকর সহযোগিতামূলক সম্পর্কের সূচনা হলো। এর সুফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধিভুক্ত মাদরাসাসমূহের কাছে পৌঁছে যাবে। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীন পরিচালিত অলাভজনক ট্রাস্ট ইফজউঘ-এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ. কে. মুহা, নুরুল ইসলাম এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN)-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তাওরীত চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় BdREN-এর কাছ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উচ্চগতির ইন্টারনেট ব্যান্ডউইথ, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (VPS), ই-মেইল সার্ভার হোস্টিংসহ বিভিন্ন আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা গ্রহণ করবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক সেবা, গবেষণা কার্যক্রম এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.