ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার বিভিন্ন কোর্সের পরীক্ষা ফি কমানোর আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন পাবলিক পরীক্ষার ফি পুনঃনির্ধারণ সংক্রান্ত জেলা পর্যায়ের অধিভুক্ত মাদরাসার অধ্যক্ষদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
ভাইস চ্যান্সেলর বলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো যৌক্তিক দাবি মেনে নিতে আন্তরিক। তবে দাবি যৌক্তিক পর্যায়ে হতে হবে।
তিনি আরও বলেন,ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মাদরাসা উচ্চশিক্ষার একটি বিশ্বস্ত শিক্ষা ও গবেষণার প্লাটফর্ম। বর্তমান ফাযিল পাস ও কামিল মাস্টার্স কোর্স আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করে তৈরি করা হয়েছে। এতে কোর্স সংখ্যা বেড়েছে। ফাযিল পাস কোর্সে আগে ছিল ৪টি, বর্তমানে হয়েছে ৭টি। কামিলেও আগে ছিল ৪টি, বর্তমানে ৭টি। কোর্স বাড়ার কারণেই ফরম পূরণের ফি বৃদ্ধি পেয়েছে।
মতবিনিময় সভায় আগত অধ্যক্ষগণ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি নবায়ন ফি, পরীক্ষা ফি, রেজিস্ট্রেশন ফিসহ বিভিন্ন ধরনের ফি কমানোর জন্য তাদের দাবি উপস্থাপন করেন।অধ্যক্ষদের দাবির প্রতি সম্মান জানিয়ে ভাইস চ্যান্সেলর যৌক্তিক পর্যায়ে ফি কমানোর আশা প্রকাশ করেন এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন ৷