মাদরাসা শিক্ষাকে আধুনিক প্রযুক্তিনির্ভর বাস্তবায়নে কাজ করবে বিশ্ববিদ্যালয় – ইআবি ভিসি
রংপুর ব্যুরো অফিস
মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতে সরকারের গৃহীত সকল উদ্যোগ বাস্তবায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কাজ করবে বলেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখে সাধারণ, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে মাদরাসা শিক্ষাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করে মাদরাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই অন্যতম লক্ষ্য।
রোববার (৮ নভেম্বর) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘দক্ষতাভিত্তিক মাদ্রাসা শিক্ষা ও কর্মসংস্থান: আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকারের ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এসব কথা বলেন।
ভাইস চ্যান্সেলর বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কোর্স চালুর যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় তা ইতিবাচকভাবে গ্রহণ করছে। এ ক্ষেত্রে ইউজিসির সব ধরনের সহযোগিতা ও নির্দেশনা বিশ্ববিদ্যালয় সাদরে গ্রহণ করবে এবং অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হবে।
তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার স্বকীয়তা অক্ষুণ্ন রেখে মাদরাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি, প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, তথ্যপ্রযুক্তির জ্ঞান ও বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী প্রশিক্ষণ অর্জন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
ভাইস চ্যান্সেলর আরও বলেন, দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের মাদরাসাগুলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। এর মাধ্যমে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাবেন। মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারের ইতিবাচক উদ্যোগকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ও কর্মসংস্থানের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আগামী জানুয়ারির মধ্যে ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষ মানবসম্পদ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্য অর্জনে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগের সক্ষমতা এবং বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে তাঁরা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ পাবেন। এ লক্ষ্য বাস্তবায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে আটটি বিশেষায়িত প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে ভাষা শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ কোর্স পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের মাদরাসা শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন আরও বলেন, মাদরাসা শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করতে প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা যেন শুধু চাকরিপ্রার্থী না হয়ে দক্ষ জনশক্তি ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন, সে লক্ষ্যে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে উচ্চশিক্ষা পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, রোবোটিকস, অটোমেশন এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার প্রযুক্তিনির্ভর স্থায়ী সমাধান বের করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম এবং কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী।
সেমিনারে রংপুর বিভাগের বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ সেমিনারে দক্ষতাভিত্তিক মাদরাসা শিক্ষা, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, ভাষাগত দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী করে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।