ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ইআবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন মোহাম্মদপুর বছিলা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ইআবির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, যেকোনো ধরনের জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার পক্ষে। সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশ ও জাতির স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইনানুগ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম,ট্রেজারার শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. আ. হ. ম. নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম, মাদরাসা পরিদর্শক প্রফেসর ড. হুসাইন আহমাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: ওয়ালিউর রহমান, পরিচালক অর্থ ও হিসাব আবু বকর ছিদ্দিক, উপ-পরিচালক জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ।