ইআবির স্থায়ী ক্যাম্পাসের নিরাপত্তা ও উন্নয়নে বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার স্থানান্তরে পাওয়ার গ্রিডের ইতিবাচক পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করা এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রি. দুপুরে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সঙ্গে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, কল্যাণপুরের ইনচার্জ জনাব মুহাম্মদ আসাদুজ্জামান আলোচনা করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের কাছাকাছি অবস্থিত পাওয়ার গ্রিডের লালবাগ-কল্যাণপুর ১৩২ কেভি সঞ্চালন লাইনের ৪৫ নম্বর টাওয়ারটি নিরাপদ দূরত্বে স্থানান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের নিরাপত্তা ও স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে টাওয়ারটি দ্রুত স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ভাইস চ্যান্সেলর। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।
এ সময় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র পক্ষ থেকে এ বিষয়ে আন্তরিক সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। টাওয়ার স্থানান্তরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (NOC) প্রদানের প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক প্রফেসর মুহাম্মাদ নওসের আলী, উপপরিচালক জিয়াউর রহমানসহ পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সাইট ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।