তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে হত্যা চেষ্টা করা হয়েছিল বলে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ৷ শনিবার চালানো ওই প্রচেষ্টা ব্যর্থও হয়েছে বলে জানা গেছে ৷
শনিবার দক্ষিণ তুরস্কের এক জনসভায় এরদোয়ানের ভাষণ দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয় ৷ ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি গাড়ির নীচে বোমাটি পাতা ছিল বলে তুর্কি টেলিভিশনের খবরে বলা হয়েছে ৷
এমন সময় এরদোয়ানকে হত্যা প্রচেষ্টার খবর এল যখন গত কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে ৷
গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে ৷
গত এক বছরে লিরার মান ৪৪ শতাংশ কমে গেছে এবং এরদোয়ান গত দুই বছরে তিনবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছেন ৷ কয়েকদিন আগে তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করে নুরুদ্দিন নাবাতিকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ৷
প্রেসিডেন্ট এরদোয়ান মনে করছেন ব্যাংক ঋণে সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে ৷ যদিও দেশটির অর্থনীতিবিদরা এরদোয়ানের এই মতের পক্ষপাতী নন ৷ তবে নতুন নাবাতি ব্যাংক ঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন ৷ সূত্র পার্স টুডে