জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি জাতীয় পার্টির কোনো আস্থা নেই ৷ যতবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ততবারই জাতীয় পার্টি তাদের অবিচারের শিকার হয়েছে ৷
শনিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত এক আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷
জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সভাপতি শাহ ইমরান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপার মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মোঃ রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ ৷
কাদের বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িতদের নিরপেক্ষ ও সাহসী হতে হবে ৷
কাদের আরও বলেন, পেশিশক্তি ও টাকার প্রভাবে নির্বাচন ব্যবস্থা নষ্ট হচ্ছে ৷ নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে রাজনীতিতে সৎ ও নীতিবান মানুষ ভালো করছে না ৷