বুলবুল আহাম্মেদ (সিনিয়র রিপোর্টার):
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের (খুলনা,রাজশাহী, ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষা আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ৷
শুক্রবার (২ ফেব্রুয়ারি) তিন বিভাগের ২২টি জেলা শহরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ এবার ৬০৩টি কেন্দ্র ও ৯ হাজার ৩৫৭টি কক্ষে দ্বিতীয় পর্বে মোট ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ৷
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ জেলা প্রশাসকগণ স্ব স্ব জেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন ৷ এবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সকল কর্মকর্তাকে বিভিন্ন জেলায় মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে ৷ তারা ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত জেলায় পৌঁছে গেছেন ৷