খবরের চোখ
সব সময়

ইআবির অধীনে সারাদেশে একযোগে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু

প্রযুক্তিনির্ভর তদারকিতে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের প্রত্যয়

0

খবরের চোখ প্রতিবেদক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে (০২ আগস্ট) রবিবার সারাদেশে চার বছর মেয়াদি ফাজিল (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ- ২০২৫ সালের পরীক্ষা শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মোট ৯৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নের লক্ষ্যে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। আধুনিক প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা, কেন্দ্র ব্যবস্থাপনা ও নিবিড় তদারকির মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোল রুম গঠন করা হয়েছে, যাতে যে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অসদাচরণের সংবাদ পেলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, নকলমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকল ও সকল ধরনের পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রীতি অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ও নকলমুক্ত ও সুশৃঙ্খল পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান জানান, পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। কোনো পরীক্ষার্থী, পরিদর্শক বা সংশ্লিষ্ট ব্যক্তি অসদুপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল-ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত ফাজিল (অনার্স) পরীক্ষা চলমান থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.