ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান: ইআবি ভিসি
নিজস্ব প্রতিবেদক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক ও ইসলামিক জ্ঞান অর্জনের পাশাপাশি ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনের প্রতি গুরুত্বারপ করে বলেছেন,শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশে ডিজিটাল যুগে ইসলাম প্রচার ও জ্ঞানচর্চার ক্ষেত্রে,কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই, ফ্যাক্ট চেকিং, ডেটা ব্যবস্থাপনা,সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব চ্যানেল, অনলাইন ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট, অনলাইন কোর্স চালু ও ডিজিটাল প্রকাশনার মাধ্যমে নিজেদের তুলে ধরতে পারবে। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করলে মাদরাসা শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
আজ (৭ আগস্ট) শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত “মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড.আবু জাফর খান এসব কথা বলেন।
ভাইস চ্যান্সেলর আরও বলেন, মাদরাসা শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে শিক্ষকদেরকে শিক্ষার্থীদের প্রতি অভিভাবক এর ভূমিকা রাখতে হবে এবং শিক্ষার্থীদের জ্ঞান চর্চা বৃদ্ধি ও গবেষণামূখী করার জন্য ফাজিল -কামিল পর্যায়ে গবেষণাধর্মীপাঠ, একাডেমিক লেখা এবং জার্নাল প্রকাশের প্রতি উৎসাহ সৃষ্টি করতে হবে। এছাড়া আবাসিক হোস্টেলে গ্রুপ স্টাডি ও ডিবেট ক্লাব গঠনের ও আহবান জানান ভাইস চ্যান্সেলর।
সেমিনারে বক্তারা মাদরাসা শিক্ষার বিভিন্ন সমাস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ,বিদেশি বিশ্ববিদ্যালয়, কোং এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তির (গঙট) ও পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমেদ, ,বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান, চট্টগ্রাম কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।
এছাড়াও সেমিনারে আরো বক্তব্য রাখেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোঃ নওসের আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. নেছারুল করীম, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল ইয়াহিয়া মুহাম্মদ মহসিন, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ।