প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষক নীতিমালা প্রণয়ন, ধর্মীয়, কালচারাল, খেলাধুলাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তি এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকারের প্রথম ছয় মাসের টার্গেট আমরা সফল হয়েছি। আগামী ছয় মাসের টার্গেটগুলোও সঠিকভাবে সফল হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বদলে দিতে সক্ষম হব।
রোববার (১৬ আগস্ট) ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে নগরীর নেপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় দেশের কোনো শিশুই যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে না থাকে। শুধু অবকাঠামো নির্মাণ করাই লক্ষ্য নয়, শিক্ষার প্রকৃত মান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মীর আব্দুল আউয়াল আল মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।