বিশ্ব মানবতার জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ আদর্শ: ইআবি ভিসি
নিজস্ব প্রতিবেদক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, বিশ্ব মানবতার জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ আদর্শ।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ৷
ইআবি ভিসি আরও বলেন, তাঁর জীবন, কর্ম ও শিক্ষার মধ্যে মানবকল্যাণ, ন্যায়বিচার, সহমর্মিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য দৃষ্টান্ত রয়েছে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শের বাস্তব প্রয়োগই একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার পূর্বশর্ত।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার শাহীনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হুসাইন আহমাদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।