ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি), বাংলাদেশের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতার সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (০১ অক্টোবর) মালয়েশিয়ারর স্থানীয় সময় বিকেলে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে IIUM এর মাননীয় রেক্টর প্রফেসর ইমেরিটাস দাতো শ্রী ড. ওসমান বাকার এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বিপাক্ষিক উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারকরণ, বিশেষ করে ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সমসাময়িক গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনার প্রধান ক্ষেত্রসমূহ ছিল:যৌথ গবেষণা ও প্রকাশনা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়ন,পাঠ্যক্রম উন্নয়ন ও আধুনিকায়ন, একাডেমিক সম্পদ ও উত্তম চর্চা বিনিময়। বৈঠকে বাংলাদেশের মাদরাসা শিক্ষা ও ইসলামি উচ্চশিক্ষার আধুনিকায়ন ও আন্তর্জাতিকীকরণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া মুসলিম বিশ্বে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি অগ্রণী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান।
এ বৈঠক IIUM এবং ইআবির মধ্যে দীর্ঘমেয়াদী একাডেমিক সম্পৃক্ততা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
উভয় প্রতিষ্ঠানের প্রধান এই উদ্যোগকে একটি ফলপ্রসূ অংশীদারিত্বের সূচনা হিসেবে অভিহিত করেন, যা মুসলিম উম্মাহর একাডেমিক উৎকর্ষ ও গবেষণার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।