স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৫ এপ্রিল বিশ্বব্যাপী ম্যালেরিয়া দিবস পালন করা হয় ৷
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দক্ষিণ এবং উত্তর -পূর্ব সীমান্তবর্তী ১৩টি জেলার ৭২টি উপজেলায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব রয়েছে ৷ এরমধ্যে পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়া প্রবণ এবং কক্সবাজার মধ্য ম্যালেরিয়াপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ৷ তবে আগের তুলনায় ম্যালেরিয়ার প্রভাব অনেক কমেছে ৷
আফ্রিকায় ২০০১ সালের ২৫ এপ্রিল প্রথমবারের মতো ম্যালেরিয়া দিবস পালন করা হয় ৷ ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয় ৷ এরপর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে ৷
দিবসটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে ৷ তবে গরমের কারণে পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করবে জাতীয় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি ৷