বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে গুঁড়িয়ে দিলো নেইমারের ব্রাজিল ৷ বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল ৷ এর ফলে বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা গ্রুপে তাদের শীর্ষস্থানও ধরে রাখল ৷
শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে ব্রাজিল দল ৷ প্রথমার্ধ শেষে নেইমার ও রাফিনহার গোলে ২-০ তে এগিয়ে থাকে তিতের শিষ্যরা ৷ দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে আরেকটি গোল করেন রাফিনহা ৷ শেষ গোলটি করেন গ্যাব্রিয়েল বারবোসা ৷ আর উরুগুয়ের হয়ে একটি গোল করেন সুয়ারেজ ৷
খেলার ১০ম মিনিটে গোল করেন নেইমার ৷ ফ্রেডের থ্রু বল ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন তিনি ৷ দ্বিতীয় গোলের জন্যও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে ৷
১৮তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা ৷ ৩৯ মিনিটে নেইমারের আরও একটি দারুণ প্রচেষ্টা থামিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ৷
৪৪তম মিনিটে গোল পেতে পারত উরুগুয়েও ৷ কিন্তু ব্রাজিল গোলরক্ষকের কল্যাণে কোনো গোল হজম করতে হয়নি তাদের ৷ মাথিয়ান ভেকেনার হেড থামিয়ে দেন তিনি ৷
দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ৩-০ এ নিয়ে যান রাফিনহা ৷ খেলায় তখন ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে গেছে ৷ উরুগুয়ের ব্যবধান কিছুটা কমান সুয়ারেজ ৷ তিনি ৭৭ মিনিটে একটি গোল পরিশোধ করেন ৷ তবে বারবোসা ৮৩ মিনিটে আরেকটি গোল করে ৪-১ ব্যবধান আবার বাড়িয়ে দেন ৷