খবরের চোখ
সব সময়

সিটি ক্লাবকে উড়িয়ে পয়েন্ট টেবিলে চারে বসুন্ধরা কিংস

খেলাধুলা ডেস্ক

0

প্রথমার্ধ জুড়ে ছিল কেবলই সুযোগ হাতছাড়া করার আক্ষেপ। তবে বিরতি থেকে ফিরেই চেনা রূপে আবির্ভূত হলো বসুন্ধরা কিংস।

রবসন রবিনিও, এমেকা ওজবুগ ও কাজেম শাহ কিরমানির দারুণ ফিনিশিংয়ে ঢাকা সিটি ক্লাবকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে দেশের অন্যতম সফল ক্লাবটি। এই দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে কিংসরা।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুরু থেকেই সিটি ক্লাবের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বসুন্ধরা কিংস। তবে আক্রমণভাগে ফিনিশিংয়ের অভাবে বারবার হতাশ হতে হয়েছে তাদের।

ম্যাচের অষ্টম মিনিটেই কাইকে জেসুস দা সিলভা বক্সে ঢুকেও ঠিক সময়ে শট নিতে ব্যর্থ হন।
কিংসদের আক্রমণের ঝাপটা সামলে সিটি ক্লাবও প্রতি-আক্রমণে ওঠার চেষ্টা করে।

২১ মিনিটে রফিকুলের ক্রসে ওকাফরের জোরালো হেড জালের ওপর দিয়ে চলে গেলে সুযোগ হাতছাড়া হয় মিরপুরের ক্লাবটির। এরপর ২৭ ও ৩৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনিও কিংস সমর্থকদের হতাশ করেন। বিশেষ করে ৩৪ মিনিটে মানিশ দাঙ্গির দুর্দান্ত পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও রবসনের শট আটকে যায় সিটি গোলরক্ষক ইসাক আকন্দের গ্লাভসে। শেষ পর্যন্ত গোলের দেখা না পেয়েই গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খোলস ছেড়ে বেরোয় ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪৯ মিনিটে কাইকে জেসুসের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢোকেন রবসন। এবার আর ভুল করেননি, নিখুঁত প্লেসিং শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান তারকা।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া সিটি কোচ আবদুল কাইয়ুম সেন্টু জোড়া পরিবর্তন আনেন। ৬৯ মিনিটে বদলি হিসেবে নামা পাকিস্তানি ফরোয়ার্ড সায়েখ দোস্ত দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়েছিলেন। তবে তার দুর্দান্ত হেড কিংস গোলরক্ষক অসাধারণ ক্ষিপ্রতায় ফিরিয়ে দিলে হতাশ হতে হয় সিটি শিবিরকে।

উল্টো ৭১ মিনিটে নিজেদের বিপদ ডেকে আনে সিটি ক্লাব। বক্সের ভেতর কিংসের এমেকা ওজবুগকে ফাউল করে বসেন সিটির ডিফেন্ডার ফরহাদ মনা। রেফারি সায়মন হাসান পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিক থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান ২-০ করেন এমেকা।

ম্যাচে ফেরার সব আশা যখন শেষ, তখন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কিংস মিডফিল্ডার কাজেম শাহ কিরমানি। সতীর্থ আবদুল্লাহর বাড়ানো বল ধরে বক্সের সামনে থেকে নেওয়া দারুণ এক নিচু শটে নতুন ক্লাবের জার্সিতে নিজের গোলখাতা খোলেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই দাপুটে জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে বসুন্ধরা কিংসের। এক ম্যাচ কম খেলেও ৭ পয়েন্ট নিয়ে সিটি ক্লাবকে টপকে চার নম্বরে উঠে এসেছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে অবস্থান করছে ঢাকা সিটি ক্লাব।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.