স্টাফ রিপোর্টার:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ডিমেন্সিয়াতে নয়, তিনি অ্যামেন্সিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন ৷ উনি সম্পূর্ণ ভুলে গেছেন ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর ভূমিকার কথা- যা ছিল একটি দেশের অভ্যন্তরে সরাসরি হস্তক্ষেপের শামিল ৷ কারণ তাদেরকে প্রভু মানে বলেই ওবায়দুল কাদের সাহেবরা এই হস্তক্ষেপের সুযোগ দিয়েছিলেন এবং এখনো দিচ্ছেন ৷ এই ঘটনা প্রমাণিত হয়- আওয়ামী লীগ প্রভুদের নিকট কতটুকু নতজানু ৷
রোববার (৩ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন ৷
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এটি দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এক ভয়ানক দৃষ্টান্ত ৷ এটি নিজ স্বার্থে দেশের অস্তিত্ব ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া ৷ এবারও ডামি নির্বাচনের পূর্বে আওয়ামী প্রভুদের অসৎ তৎপরতায় আবারও প্রমাণিত হয়েছে -তারা বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে ৷ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছেন প্রভুর দরবারে ৷
রুহুল কবির আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি নাকি ইসরায়েলের দোসর এবং গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে ৷ বরাবরই পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা আদিযুগের গল্পের মতো ৷ ওবায়দুল কাদের সাহেব টাটকা মিথ্যা কথা বলেন আর হাছান মাহমুদ সাহেব বাসী মিথ্যা কথা বলেন ৷ সারাদেশের মানুষ জানে, গণতন্ত্রকামী বাংলাদেশের বিরোধী দল নিধনের জন্য ইসরায়েল থেকে স্পাইওয়্যার কেনা হয়েছে-যা দিয়ে মোবাইল ফোনে আড়িপাতা সম্ভব ৷