স্টাফ রিপোর্টার:
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে ৷ অর্থনীতিও ভালোর দিকে ৷ বাজারে পণ্যের দাম কমে আসছে ৷ সামনে আরও কমবে ৷
রোববার (৩ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী ৷
এর আগে অর্থ মন্ত্রণালয়ে যোগ দেন এই মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ৷ নতুন এই প্রতিমন্ত্রীর বিষয়ে মাহমুদ আলী বলেন, একজন সহকর্মী পেয়েছি ৷ আশা করি আমরা সমন্বয় করে কাজ করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারবো ৷
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যেসব পণ্যের ঘাটতি রয়েছে সেগুলো আমরা আমদানি করছি ৷ আশা করছি নিত্যপণ্যের দাম দ্রুতই কমে আসবে ৷
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমার প্রধান দায়িত্ব হলো দুর্নীতিমুক্ত থেকে দেশের অর্থনীতিকে আরও বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাওয়া ৷ আমি সেটাই করবো ৷ বর্তমান বৈশ্বিক মন্দা চলছে ৷ আশা করছি এর পর্যায় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ৷