স্টাফ রিপোর্টার:
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ৷
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই তেলের দাম কমবে বলে আশা করছি ৷ এ ধরনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে ৷ প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি করা হবে ৷
রোববার (৩ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ৷
প্রতিমাসেই জ্বালানির দাম সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, আমরা চাচ্ছি, প্রতি মাসে প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট হোক ৷ এই মাসে যদি প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট শুরু করতে পারি, এতে কিছুটা জ্বালানি তেলের সাশ্রয় হবে দামের ব্যাপারে ৷
প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখানে ডিজেল বেশি ব্যবহার হয় ৷ কাজেই আমাদের মেইন টার্গেট হলো ডিজেলের দাম কমানো ৷
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা ভবিষ্যতে যদি দেখি ওয়ার্ল্ড মার্কেটে জ্বালানির দাম কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে ৷ তাহলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে ৷
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে আমাদের এখানেও কমবে ৷ আবার আন্তর্জাতিক বাজারে বাড়লে আমাদের দেশেও বাড়ানো হবে ৷