নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই ৷
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন ৷
প্রতিমন্ত্রী বলেন, বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি আনুপাতিক হার হিসেবে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই ৷
ববি হাজ্জাজ আরও বলেন, সরকারি স্কুলের আটজনের মধ্যে একজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, আর বেসরকারি স্কুলের পাঁচজনে একজন বৃত্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছে ৷ বৃত্তির আনুপাতিক হার হিসেবে বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও সমান সুযোগ পাচ্ছে ৷ সকল অংশীজনের সঙ্গে আলাপ করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা আপডেট করবে সরকার ৷ বৃত্তির অর্থের পরিমাণ এবং কত সংখ্যক শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নিয়েও পর্যালোচনা করা হবে ৷
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরেজমিনে পরিদর্শনে এসে দেখলাম পরীক্ষা কার্যক্রম সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে ৷ দেশজুড়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুকূল পরিবেশে পরীক্ষা দিতে পারছে ৷ এ বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে, যাতে প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয় ৷
এসময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মরা উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী ৷ এরমধ্যে সরকারি স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৫ লাখ এবং বেসরকারি স্কুলের ৯০ হাজার ৷