চার দিনের সফর শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দুপুরে তাঁর নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন ৷
প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তাঁকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান এবং পাবনায় বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কয়েকটি মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ১৫মে থেকে রাষ্ট্রপ্রধান চার দিনের সফরে ছিলেন ৷
গত ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে রাষ্ট্রপতির পদে শপথ গ্রহণের পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তাঁর প্রথম সফর ৷
রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার বেলা সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায় ৷
বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু, ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে বিদায় জানান ৷ রাষ্ট্রপতির পত্নী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন ৷