খেলাধুলা ডেস্ক
গোলশূন্য প্রথমার্ধের পর নিজেদের মেলে ধরে দারুণ জয় তুলে নেওয়া মেক্সিকোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোচ হাভিয়ের আগিরে। দ্বিতীয়ার্ধে দল যে দৃঢ় মানসিকতা দেখিয়েছে, সেটা মন জয় করে নিয়েছে তার।
শেষ গ্রুপ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে চেকিয়াকে ৩-০ গোলে হারায় মেক্সিকো। শতভাগ জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে জায়গা করে নেয় স্বাগতিকরা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান আসরের প্রথম দল হিসেবে তিন ম্যাচের সবকটি জিতেছে মেক্সিকো। ১৯৯০ সালে ইতালির পর স্বাগতিক দেশের গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের প্রথম নজির এটি।
ম্যাচের ৫৫ মিনিটে এসে ‘ডেডলক’ ভাঙেন মাতেও চাভেজ। মিনিট পাঁচেক পর জালের দেখা পান হুলিয়ান কিনোনেস। একদম শেষ সময়ে গোল করেন আলভারো ফিদালগো।
ম্যাচ শেষে দারুণ জয়ের উচ্ছ্বাস ঝরে আগিরের কণ্ঠে,‘ প্রথম ২০ মিনিটের খেলা আমার ভালো লাগেনি। তবে এরপর আমরা নিজেদের গুছিয়ে নেই, দল ঘুরে দাঁড়ায়। আর সেখানেই আমরা মানসিক শক্তির আসল রূপটা দেখাতে পেরেছি।
২০০২ ও ২০১০ বিশ্বকাপেও মেক্সিকোর কোচ ছিলেন আগিরে। ৬৭ বছর বয়সী অভিজ্ঞ কোচ বলেন, দলের পারফরম্যান্স ভালো হলেও “সব সময়ই কিছু না কিছু জায়গায় উন্নতির সুযোগ থাকে।
মানসিকতার দিক থেকে আগের চেয়ে অনেক উন্নতি করেছে দল, মনে হচ্ছে আগিরের। এবার তাদের মূল লক্ষ্য প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালের বাধা টপকে সামনে এগিয়ে যাওয়া। কোচের মতে, লক্ষ্য পূরণে এই মানসিকতা ধরে রাখতে হবে তাদের। আমার মনে হয়, আমরা মানসিকতার জায়গায় উন্নতি করেছি। আমাদের মধ্যে এমন মানসিকতা নেই যে, ‘ঠিক আছে, আমাদের কাজ শেষ।’ এই দলটির মানসিকতা ভিন্ন।